বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বাদ আসর বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ কার্যকর, গণভোটের গণরায়ের প্রতিফলন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

 

এ সময় বক্তব্য দেন এনসিপি বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আদিল ইবনে আউয়াল (আরমান), বকশীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মোসাদ্দেক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম, এনসিপি বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এমদাদুল হক মিলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক সিদ্দিক।

 

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক আন্দোলন। এ আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদের দ্রুত কার্যকর, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

সমাবেশে ছাত্রশক্তির সদস্য মো. জুম্মানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com