নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম

মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬"। বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সভার শুরুতে উপাচার্য জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানকে "গণতন্ত্র পুনরুত্থান দিবস" হিসেবে অভিহিত করে বলেন, এই দিনটি একদিকে যেমন গৌরবের, তেমনি সন্তানহারা মা-বাবা কিংবা ভাইবোন হারানো পরিবারগুলোর জন্য গভীর বেদনারও।

উপাচার্য আরও বলেন, ছাত্র-শিক্ষক, শ্রমিক-জনতা সম্মিলিতভাবে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই আন্দোলন সর্বজনীন রূপ লাভ করে এবং কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব বিভেদ ভুলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন তথা দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম কামাল সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, আর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এছাড়া ইংরেজি বিভাগের চেয়ারম্যান রায়হানা আক্তার, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা যায়।

এর আগে সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে জুলাই স্কয়ারে গিয়ে সমাপ্ত হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রস্তাবিত জুলাই সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com