রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম:

শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা-২০২৬ উপলক্ষে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় বর্ণাঢ্যভাবে অংশগ্রহণ করেছে বীর সনাতনী সংঘ। শোভাযাত্রায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ, দেবী পরিষদ, চট্টগ্রাম জেলা, রাঙ্গুনিয়া উপজেলা, সীতাকুণ্ড উপজেলা (ভাটিয়ারী শাখা) ও পাঁচলাইশ থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সদস্য অংশ নেন।

রঙিন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে বীর সনাতনী সংঘের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশ নিয়ে বীর সনাতনী সংঘের কেন্দ্রীয় সংসদের সভাপতি সৌরভ সেন বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ভক্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ধর্মীয় চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি সমাজে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাগর আচার্য্য বলেন, “রথযাত্রা আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্ম যেন নিজেদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়, সে লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা।”

চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সুষ্ময় দাশ বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সনাতন সমাজের ঐক্য ও মিলনমেলার প্রতীক। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকাণ্ডে বীর সনাতনী সংঘ অগ্রণী ভূমিকা পালন করবে।”

জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব নাথ বলেন, “জগন্নাথদেবের রথযাত্রা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। আজকের এই অংশগ্রহণ প্রমাণ করে সনাতন সমাজ ধর্মীয় ও সামাজিকভাবে আরও সুসংগঠিত হচ্ছে।”

বীর সনাতনী সংঘ দেবী পরিষদের সভানেত্রী হৈমন্তী দাশ বলেন, “ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ সমাজকে আরও শক্তিশালী করে। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নারীদের ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।”

উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে মুখরিত এ শোভাযাত্রা শেষে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com