রথযাত্রা
রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ
শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা-২০২৬ উপলক্ষে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় বর্ণাঢ্যভাবে অংশগ্রহণ করেছে বীর সনাতনী সংঘ। শোভাযাত্রায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ, দেবী পরিষদ, চট্টগ্রাম জেলা, রাঙ্গুনিয়া উপজেলা, সীতাকুণ্ড উপজেলা (ভাটিয়ারী শাখা) ও পাঁচলাইশ থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সদস্য অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে বীর সনাতনী সংঘের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নিয়ে বীর সনাতনী সংঘের কেন্দ্রীয় সংসদের সভাপতি সৌরভ সেন বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ভক্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ধর্মীয় চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি সমাজে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।” কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাগর আচার্য্য বলেন, “রথযাত্রা আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্ম যেন নিজেদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়, সে লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা।” চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সুষ্ময় দাশ বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সনাতন সমাজের ঐক্য ও মিলনমেলার প্রতীক। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকাণ্ডে বীর সনাতনী সংঘ অগ্রণী ভূমিকা পালন করবে।” জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব নাথ বলেন, “জগন্নাথদেবের রথযাত্রা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। আজকের এই অংশগ্রহণ প্রমাণ করে সনাতন সমাজ ধর্মীয় ও সামাজিকভাবে আরও সুসংগঠিত হচ্ছে।” বীর সনাতনী সংঘ দেবী পরিষদের সভানেত্রী হৈমন্তী দাশ বলেন, “ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ সমাজকে আরও শক্তিশালী করে। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নারীদের ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।” উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে মুখরিত এ শোভাযাত্রা শেষে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়াস্থ সূর্য সংগ্রাম সংসদ শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী গৌর-নিতাই নামহট্ট মন্দির, ফকিরহাটের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, ভজন-কীর্তন, কীর্তন মেলা, শ্রীশ্রী জগন্নাথ দেবের মধ্যাহ্নকালীন ভোগারতি, শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামাহাত্ম্য আলোচনা, মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথারোহণ এবং ভক্তদের অংশগ্রহণে রথের রশি টানার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ শ্রীধর চৈতন্য ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন জনাবা ফারনাজ আলম কাদের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুত তপন চক্রবর্তী, প্রধান পূজারী, শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ এবং রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহজান সাকিল, বিশিষ্ট সমাজসেবক মাইকেল বড়ুয়া, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রুবেল, যুবদল নেতা ও সমাজসেবক সাজ্জাদ হোসেন তালুকদার (মুন্না), মঞ্জুরুল আলম, ফোরহান, মো. রিদুয়ান, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সভাপতি ডাঃ লিটন শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সাধারণ সম্পাদক ভোমর দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ উত্তর জেলা সভাপতি দাশ শুভ, অনুষ্ঠানের সঞ্চালক সনাতন বিদ্যার্থী সংসদের রাউজান উপজেলা সভাপতি রাখাশ সরকার, রথযাত্রা পরিচালক নান্টু দাশ গুপ্ত, রঙ্গময় নিত্যানন্দ দাস, সুদর্শন দাস, শ্রীধাম দাস, হিমাদ্রি পাল ইমন, পাবেল চৌধুরী, অমর কৃষ্ণ দাশ, রূপস দাশ, সাগর দাশ, সাগর দাশ গুপ্ত (বাবু), ধ্রুব ঘোষ, ডাঃ জনি দাশ, পার্থ দে-সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। ভক্তদের উপস্থিতি, ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও রথ টানার মধ্য দিয়ে রাউজানের ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
লাখো ভক্তের ঢলে শুরু হলো ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহাসিক যশোমাধবের রথযাত্রা
‘হরি বোল’ ধ্বনি আর শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত চারপাশ। লাখো ভক্তের আকুল প্রার্থনা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রায় ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্যের স্মারক ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের ঐতিহাসিক রথযাত্রা উৎসব। আজ ১৬ জুলাই ২০২৬ তারিখ রথযাত্রার প্রথম দিনে দুপুরের পর থেকেই ধামরাইয়ের রথ চত্বর ও এর আশপাশের এলাকা রূপ নেয় এক জনসমুদ্রে। বর্ণিল সাজে সাজানো শ্রীশ্রী যশোমাধবের বিশালাকার রথটি টেনে নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন লাখো সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থী। বিকেল গড়াতেই শুরু হয় মূল আকর্ষণ—মহাপুণ্য লাভের আশায় হাজারো ভক্তের রথের দড়ি টানার উৎসব। ঐতিহাসিক এই উৎসবকে কেন্দ্র করে ধামরাই পৌর এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মাসব্যাপী মেলা। রথের প্রথম দিনেই মেলা প্রাঙ্গণ ও পুরো ধামরাইজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রথটান দেখতে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, সব ধর্মের ও সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা ধামরাইয়ের চিরন্তন অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন। রথযাত্রা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ প্রথম দিনে মাধবজিকে রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁর শ্বশুরবাড়ি (শ্রীশ্রী যশোমাধবের বাপের বাড়ি বা গুন্ডিচা মন্দির)। সেখানে ৯ দিন অবস্থানের পর আগামী (উল্টো রথের তারিখ লিখুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই ঐতিহাসিক উৎসবের সমাপ্তি ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রথযাত্রার প্রথম দিনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শ্রীপুরে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম চত্বরে এ অনুষ্ঠান হয়। খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রমের সেবাইত নিতাই কুমার দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান প্রমুখ। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল ইসলাম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গিরিধারী আশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা রথযাত্রার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।