কালীগঞ্জে অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন,৩ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত আইশিন ফুডস কোম্পানি লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদিত ব্রেডের ২০ দিন থেকে এক মাস মেয়াদের পক্ষে কোনো ল্যাব রিপোর্ট দেখাতে পারেনি। এছাড়া বিএসটিআই লাইসেন্সের সঙ্গে উৎপাদিত পণ্যের অসঙ্গতি, জ্যাম ফিলিংসের অনুমোদন না থাকা, উৎপাদনসংক্রান্ত তথ্য চীনা ভাষায় লেখা এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারায় প্রতিষ্ঠানটির প্রতিনিধি মোঃ রিফাত (২৪)-এর মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।