বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ৭ কর্মদিবসে প্রতিবেদন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

‎মোঃ শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর প্রতিনিধি:

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশ অনুযায়ী, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুদ রানাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশিদ।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‎এর আগে সোমবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনীতে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার উভয় সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করে। একই সঙ্গে প্রধান ফটকের সামনে ছাত্রদল এবং নগরীর লালবাগ এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com