নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই বাংলাদেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:০০ পিএম
সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ঘোষিত দলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।
আট দলের টুর্নামেন্টে ৭ ম্যাচে ১ জয় ও ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ নারী দল।
আইসিসির ঘোষিত সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন উলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানা।
১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন উলভার্ট। ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭১ রান করেন তিনি। তার ব্যাটিং গড় ৭১.৩৭ ও স্ট্রাইক রেট ৯৮.৭৮। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার এই তারকা।
পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপের এক আসরে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে ২০২২ সালে প্রথম এমন কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মান্ধানা। ৯ ইনিংসে ১ শতক ও ২ অর্ধশতকে ৪৩৪ রান করেন তিনি।
তিন নম্বরে রয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ, যিনি ৭ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ২৯২ রান করেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলে ভারতকে ফাইনালে তোলেন তিনি।
চারে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ— ব্যাট হাতে ২০৮ রান ও বল হাতে ১২ উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ২টি সেঞ্চুরি, ১টি হাফ-সেঞ্চুরিতে ৩২৮ রান ও ৭ উইকেট নিয়ে একাদশে স্থান পান।
ভারতের দিপ্তি শর্মা, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ব্যাট হাতে ২১৫ রান ও বল হাতে সর্বোচ্চ ২২টি উইকেট নিয়েছেন।
অলরাউন্ডার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড (১৭ উইকেট ও ১১৭ রান) এবং দক্ষিণ আফ্রিকার নাডিন ডি ক্লার্ক (৯ উইকেট ও ২০৮ রান)।
উইকেটরক্ষক হিসেবে চমক দেখিয়ে জায়গা পেয়েছেন পাকিস্তানের সিদ্রা নাওয়াজ, যিনি ৪টি করে ক্যাচ ও স্টাম্পিং করেছেন।
স্পিনার হিসেবে দলে আছেন অস্ট্রেলিয়ার অ্যালান কিং (১৩ উইকেট) ও ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন (১৬ উইকেট)।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট, যিনি ২৬২ রান ও ৯ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প