প্রথমবার ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতল মায়ামি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
ক্যারিয়ারের বর্ণাঢ্য সাফল্যের তালিকায় আরেকটি মুকুট যোগ করলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। একই সঙ্গে প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে এমএলএস প্লে–অফ ফাইনালে। ফলে মেসির ব্যক্তিগত অর্জনের তালিকায় যুক্ত হলো ৪৭তম ট্রফি।
বুধবার ভোরে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে, যিনি করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। বাকি দুটি গোল করেছেন সেগোভিয়া ও সিলভেত্তি। একটি গোলে সহায়তা করে নতুন বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন মেসি।
ম্যাচের ১৪তম মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। ২৩তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তবে ৩৭তম মিনিটে জাস্টিন হাকের গোলে ব্যবধান কমায় নিউইয়র্ক। প্রথমার্ধে ২–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করেন সিলভেত্তি। এরপর ৮৩তম মিনিটে সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে আলেন্দে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হয়ে এমএলএস কাপের ফাইনালের আয়োজক হিসেবে সুযোগ পেল ইন্টার মায়ামি। ৭ ডিসেম্বরের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে স্যান ডিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচের জয়ী দল।
মেসির নতুন ট্রফি জয়ে উৎসবের আমেজ এখন ছড়িয়েছে মায়ামির সমর্থকদের মাঝেও— অপেক্ষা এখন এমএলএস কাপের শিরোপা জয়ের।