নওগাঁয় গরুবোঝাই ভুটভুটি পুকুরে উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ৫ জন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ গরু ব্যবসায়ী। আজ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি মোড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজশাহীর চারঘাট উপজেলার অনুকপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নিরব আলী (৫৮)। আহতদের মধ্যে একই গ্রামের রফিকুল ইসলাম (৫৭) এবং নওগাঁর মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামের আইয়ুব আলী (৫১)-কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত আরও তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ সংগ্রহকালে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট থেকে গরু কিনে ভুটভুটিতে করে নিজ নিজ এলাকায় ফিরছিলেন ব্যবসায়ীরা। পথে ঠকঠকি মোড় বাজার এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভুটভুটিটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বের করে আনেন। গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর তিনজনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিরব আলীকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।