মঠবাড়িয়ায় ইজিবাইকের তীব্র যানজটে নাভিশ্বাস পৌরবাসীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া :

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকায় অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পৌরবাসী। পর্যাপ্ত ট্রাফিক জ্ঞানের অভাব, অনিয়ম এবং বিদ্যুৎ সংকটের মধ্যেও প্রতিদিন হাজার হাজার বাহনে ব্যাটারি চার্জ দেওয়ার ফলে পুরো শহরে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষের কাছে বর্তমানে চলচলকারী বাহনগুলোর সঠিক পরিসংখ্যান নেই। প্রতিদিন শহরের প্রধান সড়কসহ দক্ষিণবন্দর মাছ বাজার, সদর রোড, পৌরসভা কার্যালয়ের সামনে, মন্দির রোড ও টাওয়ার রোড এলাকায় দিনভর যানজট লেগেই থাকে।

সরেজমিনে দেয়া গেছে, পৌরসভার বাইরের ১১টি ইউনিয়ন থেকেও প্রতিদিন বিপুল সংখ্যক ইজিবাইক নিয়ে কিশোর ও অদক্ষ চালক পৌরশহরে প্রবেশ করে। বেপরোয়া গতি এবং যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এসব অবৈধ বাহন চলাচল করছে। তাই প্রশাসনও এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না। পাশাপাশি অতিরিক্ত চার্জিংয়ের কারণে স্থানীয় বিদ্যুৎ সরবরাহেও ঘাটতি দেখা দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা সামিয়া রহমান বলেন, সকালে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময়ও ইজিবাইকের জটলায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। নগরীকে যানজট মুক্ত রাখতে টেকসই পরিকল্পনার জোর দাবি জানাই। অপর বাসিন্দা শাকিল আহমেদ জানান, প্রশাসনকে সকল প্রভাব মুক্ত হয়ে দ্রুত অবৈধ বাহন চিহ্নিত ও কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ আতাউর রাব্বী জানান, ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল এখন জাতীয় সমস্যা। মঠবাড়িয়ায় চলাচলরত যানবাহনের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে ঊর্ধ্বতনের পরামর্শ অনুযায়ী যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, "জনবহুল মঠবাড়িয়ায় যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। বিকল্প পথ না থাকায় দূরপাল্লার বাস শহরের মাঝখান দিয়ে চলে, যা যানজট বাড়িয়ে দেয়। তবে ইজিবাইক চালিয়ে বহু মানুষের সংসার চলে। তাই চালকদের রুটি-রুজির বিষয়টি বিবেচনায় রেখে শহরকে যানজটমুক্ত করতে কার্যকর ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com