গাজীপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে তওবা করে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদলের সাবেক নেতা মাহবুব আলম।

 

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে তিনি এ ঘোষণা দেন। মাহবুব আলম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

মাহবুব আলম জানান, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের কঠিন সময়ে নানা আন্দোলন-সংগ্রামে অংশ নিলেও সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্রের শিকার হয়ে কারাভোগ এবং পরে দল থেকে বহিষ্কৃত হন। এতে তিনি চরমভাবে হতাশ হয়ে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি বলেন, “দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছি। কিন্তু শেষ পর্যন্ত নিজ দলের লোকজনের কারণেই হতাশ হতে হয়েছে। তাই মায়ের সামনে তওবা করে এক মণ দুধ দিয়ে গোসলের মাধ্যমে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

 

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না; পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই সময় কাটাতে চান।

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মাহবুব আলমের অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে স্থানীয় বিএনপি বা যুবদলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com