শরণখোলায় ধানক্ষেত থেকে দশ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে দশ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০জুলাই) সকালে সাপটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার। নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়েছিল অজগরটি।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগেরদিন বিকালে মাছ ধরার জন্য তার ধানক্ষেতে পেতে রেখেছিলেন চায়না দুয়ারি জাল। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে অজগরটি। এসময় উদ্ধারকারী শামছু তালুকদারকে খবর দিলে বৃষ্টির মধ্যে তিনি গিয়ে কৌশলে দশ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেষ্ট স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, ধানক্ষেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা হয় অজগরটি। উদ্ধারকারীরা নিয়ে আসার পরে অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। প্রায় ১০ফুট লম্বা অজগরটির ওজন ৭-৮ কেজি হবে বলে এই কর্মকর্তা জানান।