এফএফসি ‘দ্য কনশেনস’ এর ওপর ইসরাইলি হামলা: শহিদুল আলম’সহ আটক ৯৩ যাত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম

ছবি: এফএফসি

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক জলসীমায় তিনটি ছোট জাহাজে আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। এর আগে ‘দ্য কনশেনস’ (The Conscience) নামের একটি বড় জাহাজে হামলা চালানো হয়, যেখানে সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন দেশের প্রতিনিধিসহ ৯৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশের মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার তাকে আটক করা হয়।

“আটক হওয়ার আগে নিজের ফেসবুক আইডিতে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা শহিদুল আলম। তিনি বলেন—আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইজরাইলের দখলদার বাহিনী। যারা ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।”

পোস্টের শেষে বলেন, “আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।”

এফএফসি জানায়, হামলার সময় ইসরাইলি নৌবাহিনী জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে এবং সব যাত্রীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তবে ইসরাইল দাবি করেছে, অভিযানে কেউ আহত হয়নি এবং যাত্রীরা সবাই নিরাপদ আছেন। তাদের দ্রুত নির্বাসিত করা হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মতে, এই অভিযান ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ মানবিক ত্রাণ মিশন—গাজার অবরুদ্ধ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। সংগঠনটি বলেছে, ইসরাইল আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে জাহাজে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

অন্যদিকে ইসরাইল জানায়, গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টার অংশ হিসেবেই জাহাজগুলো আটক করা হয়েছে। তারা একে জাতীয় নিরাপত্তার প্রয়োজনে গৃহীত পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

টাইমস অব ইসরাইল জানায়, নয়টি জাহাজ নিয়ে গঠিত এই নৌবহরটি প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। অভিযানে বিভিন্ন দেশ থেকে আসা ১৪০ জনের বেশি কর্মী অংশ নেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com