সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় পুরো হাসপাতাল ভবন আচ্ছন্ন হয়ে পড়লেও দ্রুত রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ৩০মিনিটের দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পলাশপোল চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওই বহুতল বেসরকারি হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, বেজমেন্টে আগুন লাগার বিষয়টি প্রথমে নিরাপত্তাকর্মী ফোন করে হাসপাতালের ব্যবস্থাপককে জানান। এরপর মুহূর্তের মধ্যেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আইসিইউর রোগী, নবজাতক এবং লিফটে আটকে থাকা ব্যক্তিদেরও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকটি কেবিনের রোগীর স্বজনেরা বাতাস প্রবেশের জন্য হাসপাতালের কাচ ভেঙে ফেলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের সকল রোগীকে নিরাপদে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের অন্যান্য ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরা টু খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত ও আশঙ্কাজনক রোগীদের দ্রুত স্থানান্তরিত করতে সড়কজুড়ে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়।
উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা তৎপর ছিলেন।
তিনি জানান ""অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালজুড়ে প্রচুর বিষাক্ত ধোঁয়া ছিল। তাৎক্ষনিক আহত ও অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে""।