ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপে উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, র্যাবের হাতে আটক ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
মামুন মিঞা, ফরিদপুর:
সরকারের উচ্চপদস্থ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার র্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে তিনি সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার ও অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালাতেন বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগ করে আসছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তদন্তে নিশ্চিত হওয়া যায় যে ব্যবহৃত নম্বর ও অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলে, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কেউ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা উচিত নয়। এ ধরনের প্রতারণার তথ্য পাওয়া গেলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবকে অবহিত করার আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১০-এর কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।