শেখ হাসিনার রায় নিয়ে মন্তব্য

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগের শুনানি আজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

সংগৃহীত

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আজ রবিবার বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে তার এক টকশো মন্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ গঠন করা হয়।

গত বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, একটি বেসরকারি টেলিভিশনের মুক্তবাক টকশোতে ফজলুর রহমান বলেন, “এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।”
তার মন্তব্যে ট্রাইব্যুনালের প্রতি ‘গভীর অবমাননা’ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ফজলুর রহমান এর আগেও একই অনুষ্ঠানে ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’ মন্তব্য করে সমালোচিত হন। এসব মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তাকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। তবে পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে তাকে দলীয়ভাবে প্রাথমিক মনোনয়নও দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধে নতুন অগ্রগতি

আজ একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে গুম–খুনে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে।

চানখারপুল হত্যা মামলায় সম্ভাব্য যুক্তিতর্ক

চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় আজ শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য উপস্থাপনের কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী হাজির না হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে এগোবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com