হংকংয়ে বহুতল ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম
হংকংয়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৪ জনে দাঁড়িয়েছে। শহরের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের আটটি ভবনের আবাসিক কমপ্লেক্সে বুধবার স্থানীয় সময় দুপুরে এই ভয়াবহ আগুন লাগে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে হংকংয়ের নেতা জন লি সর্বশেষ হতাহতের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এখনো ২৭৯ জন নিখোঁজ, আর হাসপাতালে ভর্তি রয়েছে ২৯ জন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
দমকল বাহিনীর উপ-পরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান সংবাদ সম্মেলনে বলেন, রাতের অন্ধকার ও তীব্র তাপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনো অন্তত দুইটি ভবনে প্রবেশ করতে পারছে না দমকলকর্মীরা, কারণ ভেতরের তাপমাত্রা অত্যন্ত বেশি।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে নয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বহু বাসিন্দা এখনো নিজেদের অ্যাপার্টমেন্টের ভেতর আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা—এর মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক। পুলিশ জানায়, ভবনের বাইরের জালে ও প্রতিরক্ষামূলক উপাদানে এমন উপকরণ পাওয়া গেছে যা অগ্নিরোধী নয়; পাশাপাশি জানালায় স্টাইরোফোমও পাওয়া গেছে।
পুলিশের মুখপাত্র বলেন, “আমরা বিশ্বাস করি, কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা গাফিলতি ও অবহেলা করেছেন। তাদের অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।”
সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প