গাজার পথে ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরাইল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম
গাজার পথে ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরাইল
ইসরাইলি বাহিনী গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করেছে। আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজগুলোকে আটক করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানায়, বুধবার তিনটি ছোট জাহাজে আক্রমণ চালায় ইসরাইল। এর আগে ‘দ্য কনশেনস’ নামে একটি জাহাজে হামলা চালানো হয়, যেখানে সাংবাদিক, চিকিৎসক ও কর্মীসহ ৯৩ জন যাত্রী ছিলেন।
এফএফসি জানিয়েছে, আটক যাত্রীদের সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইসরাইলি বাহিনী বলেছে, সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের দ্রুত নির্বাসিত করা হবে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে জানায়, গাজার সমুদ্র অবরোধ ভাঙার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হয়েছে।
টাইমস অব ইসরাইলের তথ্যমতে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বহরে মোট নয়টি জাহাজ রয়েছে, যা প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।