সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, শোকের মাতম ক্যাম্পাসে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ এএম
মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সাগরদিঘী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, জাহিদ টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে সাগরদিঘী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজির সামনের আসনে বসে থাকা জাহিদ এই সংঘর্ষে বুকে গুরুতর আঘাত পান, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।
জাহিদের এই অকালমৃত্যুর সংবাদে তার বিভাগ ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর নীরবতা। শিক্ষক-শিক্ষার্থী সবাই শোকাহত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন জাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার নির্দেশনায় জানাজায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পরিবহন প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও এক শোকবার্তার মাধ্যমে জাহিদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক হাবিব আহমেদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।